কোরবানির গরু বোঝাই ট্রাক লুট, ডাকাতসহ গ্রেফতার ২

আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৬:৫২
ঢাকা-বগুড়া মহাসড়কের সীমাবাড়ী বগুড়া বাজার এলাকা থেকে কোরবানির গরু বোঝাই ট্রাক অভিনব কায়দায় ডাকাতির শিকার হয়েছে।  সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় ১ ডাকাতসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
গরুর মালিক লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের আব্দুর রউফ শেখের ছেলে শাহ আলম  জানান, আগস্ট সোমবার নওগাঁর মান্দা উপজেলার ৪টি হাট থেকে ১৪ টি গরু কিনে বেলা ৩টার দিকে ট্রাক যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তারা। গরু বোঝাই ট্রাকটি রাত সাড়ে ১০টায় বগুড়ার শেরপুরের সীমাবাড়ী বগুড়া বাজার এলাকায় পৌছলে ট্রাকটি নষ্ট হয়েছে মর্মে থামায় চালক। কিছুক্ষণ পরে ট্রাকের পেছনেই একটি মাইক্রোবাস থেকে লোক নেমে বিকল ট্রাক মেরামতে কথা বলে। মাইক্রোবাসের একজন যাত্রী ট্রাকের  চালকের আসনে বসে মূল চালকসহ অন্যান্যদের পিছন থেকে ট্রাকটিকে ধাক্কা দিতে বলে এবং ধাক্কার এক পর্যায়ে ট্রাকটি চালু হলে  দ্রুত গতিতে পালিয়ে যায়। এদিকে ট্রাকের পেছনে মাইক্রোবাসটিতে আরোহীরা দ্রুত চলে যাওয়ার চেষ্টাকালে গরু বোঝাই ট্রাকে গরুর মালিক, চালক, হেলপারসহ স্থানীয়রা কিলঘুষি মেরে ধরার চেষ্টায় অন্যান্যরা চলে গেলেও ১ ডাকাতকে আটক করে। 
 
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আব্দুল মালেকের পুত্র লাল মিয়া (৩২) নামের ওই ডাকাত এবং পরবর্তীতে নওগাঁ জেলার সুতিহাট এলাকার ট্রাক,ট্যাংলরী বন্দোবস্তকারী সমিতির সদস্য মান্দা উপজেলার শ্রীরাম গ্রামের আজিজার রহমানের ছেলে জহুরুল ইসলামকে  ট্রাক ভাড়া করে দেয়া এবং ডাকাতির সাথে জড়িত থাকার সন্দেহে তাকে মোবাইল ডেকে এনে গ্রেফতার করে। এঘটনায় শেরপুর থানায় মামলা দায়ের হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ এরফান ঘটনার সত্যতা স্বীকার করে জানান এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ও গরু বোঝাই ট্রাকটি উদ্ধারের জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ। 
 
ইত্তেফাক/রেজা