২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠানকে কেন্দ্র করে দিনাজপুরের নবাবগঞ্জ থানা আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের আশংকায় ১৪৪ ধারা জারী করেছে ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মৌসুমী আফরিদা।
মঙ্গলবার বেলা ২ টা ১০ থেকে ওই ১৪৪ ধারা জারী করা হয়। পরবর্তী ঘোষনা না দেয়া পর্যন্ত ওই আদেশ বলবৎ থাকবে বলেও ঘোষনায় বলা হয়।
২১ আগষ্ট উপলক্ষ্যে মঙ্গলবার নবাবগঞ্জ ডাকবাংলো এলাকায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান শোক র্যালী, মিলাদ-মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। একই উদ্দেশ্যে ২১ আগষ্ট দলের সভাপতি ও সংসদ সদস্য শিবলী সাদিক শোক র্যালী ও আলোচনা সভা করে। ওই সভা শেষ হলে উপজেলা সদরের আ’লীগের সদস্য তৌহিদুলকে শিবলী গ্রুপের কর্মীরা বেদম মারপিটে আহত করে। সে বর্তমানে দিমেকে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মঙ্গলবার উভয়পক্ষই একই উদ্দেশ্যে নবাবগঞ্জ ডাকবাংলো চত্ত্বরের মুক্তমঞ্চে সমাবেশেরে আয়োজন করে। এক পর্যায়ে দু গ্রুপের লোকজন সামান্য দুরত্বে অবস্থান নেয়। মাঝখানে অবস্থান নেয় পুলিশ। এরই মধ্যে একটি গ্রুপ র্যালী বের করার প্রস্তুতি নিলে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ওই ১৪৪ ধারা জারী করেন। এ সময় বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ এস এম হাফিজুর রহমান, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।
ইত্তেফাক/রেজা
