টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর গ্রামের একটি পুকুরে সোমবার রাতে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছ মেরে ফেলা হয়েছে। আর এ জন্য প্রতিপক্ষকেই সন্দেহ করছেন মালিক জয়নাল আবেদীন।
ক্ষতিগ্রস্ত পুকুর মালিক জয়নাল আবেদীন বলেন, তেলাপিয়া, পাঙ্গাস, রুই-কাতলা, ব্রিগহেড,কার্পু, শরপুঁটিসহ বিভিন্ন প্রজাতির দশ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলা হয়েছে। কে বা কারা বিষ প্রয়োগ করেছে, তা তিনি জানেন না। তবে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটাতে পারে বলে তিনি দাবি করেন।
মঙ্গলবার দুপুরে ওই এলাকায় সরেজমিন গিয়ে দেখা যায়, পুকুরের পানিতে হাজার হাজার মৃতমাছ ভেসে উঠেছে। পুকুরের আশ-পাশজুড়ে মৃতমাছের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পুকুর মালিক জয়নাল আবেদীন এমন ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছে।
তার স্ত্রী মিনা আক্তার বলেন, নিজেদের দেড় একর জমির পুকুরে তারা তিন বছর ধরে মাছ চাষ করছেন। এ বছর মাছ চাষে তাদের সাড়ে ছয় লাখ টাকা খরচ হয়েছে। মাছ চাষ করতে স্থানীয় এসএসএস ও বুরো বাংলাদেশ নামক দু’টি এনজিও থেকে কিস্তিতে ৭লাখ টাকা ঋণ নিয়েছেন। এখন আমরা কীভাবে এ দেনা পরিশোধ করবো, এখন আমরা নিঃস্ব হয়ে গেলাম।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হাসান বলেন, ক্ষতিগ্রস্ত দরিদ্র ওই পরিবারটি আরও দরিদ্র হয়ে গেলো। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন জানিয়ে বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/রেজা
