গাইবান্ধার ফুলছড়ির উপজেলার বন্যা কবলিত দুর্গম চরাঞ্চলে সশস্ত্র ডাকাতের হামলায় দুলাল মিয়া (৩০) নামে এক কৃষক নিহত ও গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় এক জলদস্যু নিহত হয়েছেন। এছাড়া ডাকাতের গুলিতে বাবুল মিয়া (৩২) নামে আরও এক কৃষক গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ২টি গুলি ভর্তি পিস্তলসহ আহত এক জলদস্যুকে আটক করেছে।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ফজলপুর ইউনিয়নের চর চৌমহন (বুলবুলি) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুলাল মিয়া ওই গ্রামের সাইফুল ইসলাম ওরফে ভোলা মিয়ার ছেলে। আহত বাবুল মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটক আহত নৌ ডাকাত তোতা মিয়া (২৮) গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর গ্রামের বাসিন্দা। তাকে গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরআগে ২০ আগস্ট গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের বন্যা কবলিত তিস্তার দুর্গম চরাঞ্চল বোচাগাড়ী (কাজিয়ারচর) গ্রামে নৌ ডাকাতের গুলিতে ৪ জন গুলিবিদ্ধসহ ৭ জন আহত হন।
ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন জালাল ও ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
ফুলছড়ি থানার ওসি আবু হায়দার মো. আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে জেলা পুলিশ সুপারসহ তিনি পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থলে আছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও জানান, দুইটি গুলি ও একটি পিস্তলসহ তোতা মিয়া নামে এক ডাকাতকে আটক করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
ইত্তেফাক/এমআই
