কালীগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১৩:৪১
 
গাজীপুরের কালীগঞ্জে মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. রফিককে (৫৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ বুধবার দুপুরে তাকে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
 
আটকৃত রফিক উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। তিনি মামলার রায়ের পর থেকে পলাতক ছিলেন।   
 
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার দাস জানান, মো. রফিক তার শ্বশুরবাড়ী উপজেলার নাগরী ইউনিয়নের বির্তুল এলাকায় মাদকের ব্যবসা করতেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে ২০০২ সালের ২ ফেব্রুয়ারি বির্তুল থেকে গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে মাদক আইনের ২০ ধারায় (নম্বর ১২(২)২০০২) মামলা দিয়ে তাকে গাজীপুর আদালতে পাঠান। সেখান থেকে জামিনে বেরিয়ে আদালতে আর হাজির হয়নি। 
 
২০১৫ সালে গাজীপুর জুডিসিয়াল দায়রা জজ তাকে ২ বছরের কারাদণ্ড ও নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। মামলার রায়ের পর থেকে রফিক পলাতক ছিলেন।মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে জামালপুর ইউনিয়নের চুপাইর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। 
 
ইত্তেফাক/কেকে