‘মানুষের মাংস খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছি’

আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১৫:১৬
দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল এলাকা থেকে সোমবার নরমাংস খাওয়ার অভিযোগে চার যুবককে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, দীর্ঘদিন ধরেই তারা ভয়াবহ এ কাজ চালিয়ে আসছিলো। দেশটির কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
IMG0
ওইসব প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার দেশটির এক পুলিশ স্টেশনে একটি ব্যাগ হাতে নিয়ে ঢুকে এক যুবক। ঢুকেই বলল, ‘আর পারছি না। আমি মানুষের মাংস খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছি।’ বলেই ব্যাগ থেকে বের করল মানুষের একটা কাটা পা এবং একটা হাত। তবে হতভম্ব ভাব কাটিয়ে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে পরে আরো তিন নরখাদকের খোঁজ পায় পুলিশ। 
IMG1
পুলিশ সূত্রে খবর, ডারবান থেকে ১১০ মাইল উত্তর-পশ্চিমের কোয়াজুলু-নাটাল এলাকায় দীর্ঘদিন ধরেই এই মারাত্মক কাজ চালচ্ছিল তারা। গ্রেফতার হওয়া ওই চার যুবকের বয়স বাইশ থেকে বত্রিশের মধ্যে। পুলিশের এক মুখপাত্র ক্যাপ্টেন চারমেইন স্ট্রুইগ জানিয়েছেন, সম্প্রতি এক মহিলাকে খুন করে তার দেহ নিজেদের কাছে রেখে দিয়েছিল ওই চার যুবক। সন্দেহ করা হচ্ছে, যুবকের জমা দেওয়া কাটা হাত ও পা ওই মহিলারই।
IMG2
ইস্টকোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে দাঁড়িয়ে নরমাংস খাওয়ার কথা স্বীকারও করেছে ওই চার মানুষখেকো। পুলিশের ওই মুখপাত্র বলেন, ‘মনে হচ্ছে নরমাংস খাওয়ার জন্যই এই খুন করা হয়েছিল। তবে এর সঙ্গে আরো অনেকে যুক্ত আছে বলেই আমাদের ধারণা। সম্ভবত এরা মানব অঙ্গের অবৈধ ব্যবসাও করত। তাদের ঘর থেকে নরমাংসের খোঁজও পাওয়া গেছে।’ ইএনসিএ।
 
ইত্তেফাক/সেতু