তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে যান চলাচলে দুর্ভোগ চরমে

আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১৬:০৩
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গুরুত্বপূর্ণ তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে যান চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে হাজারো মানুষ। তাহিরপুর উপজেলা থেকে সুনামগঞ্জ জেলা সদরের সাথে যোগাযোগ রক্ষা করার এটিই একমাত্র সড়ক। এই সড়ক দিয়ে সারা বছর পার্শ্ববর্তী বিশ্বাম্ভরপুর উপজেলা দিয়ে জেলা সদরে প্রতিদিন যাতায়াত করছে পাঁচ লক্ষাধিক জনসাধারণ।
 
এ সড়কে নিম্ন মানের কাজ করায় সড়কের ঢালাই উঠে ও বন্যায় প্রায় ১০টি স্থানে ভাঙ্গণের সৃষ্টি হয়েছে। প্রতি বছরেই এই গুরুত্বপূর্ণ সড়কটি বন্যায় ভাঙ্গণের শিকার হওয়ার ফলে তাহিরপুর উপজেলাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
 
জানা যায়, তাহিরপুর-আনোয়ারপুর বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কে বন্যায় বড় বড় গর্ত, আনোয়ারপুর বাজার সংলগ্ন ব্রিজের সামনে ইট সলিংয়ের সড়কের অংশ ও বালিজুরী থেকে সুনামগঞ্জ সড়কে একাধিক স্থানে বন্যায় ব্যাপক ভাঙ্গণের এবং বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলার ১০০ মিটার সড়ক পানিতে ডুবে থাকার কারণে চলাচল একবারেই অযোগ্য হয়ে পড়েছে তাহিরপুরসহ তিনটি উপজেলাবাসী সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা।
 
এছাড়াও এই সড়ক দিয়েই সরকারি বিভিন্ন দফতরের বড় বড় কর্মকর্তারাসহ হাজার হাজার পর্যটক ও দর্শণার্থীরা আসে টাংগুয়ার হাওরে বেড়াতে। এ ছাড়াও আনোয়াপুর-ফতেহপুর ইউনিয়নের সড়ক দিয়ে জেলা সদরে চলাচলের রাস্তাটিও ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তাহিরপুর-সুনামগঞ্জ সড়কগুলোতে প্রয়োজনীয় সংস্কার না করলে দুর্ভোগের শেষ থাকবে উপজেলাবাসীর। বর্তমানে ভাঙা ছোঁড়া সড়কের মধ্য দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে সর্বস্তরের জনসাধারণ। এছাড়াও তাহিরপুর উপজেলায় পর্যটন সমৃদ্ধ টাংগুয়ার হাওরসহ বিভিন্ন পর্যটন স্পট থাকায় দেশ, বিদেশের হাজার হাজার পর্যটক ও পার্শ্ববর্তী জামালগঞ্জ, বিশ্বাম্ভরপুর উপজেলা এবং আশপাশের বিভিন্ন গ্রামের জনসাধারণ বেড়াতে প্রতিদিন সিএনজি, প্রাইভেটকার, লাইটেস দিয়ে আসত এখন আসতে পারছে না। আর আসতে চাইলেই প্রতিদিন ঘটছে নানা রকম দুর্ঘটনা। সুনামগঞ্জ জেলার সুরমা নদীর উপর আব্দুর জহুর ব্রিজ চালু হবার পর বাস, ট্রাক, হোন্ডা, সিএনজি, টমটমসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের পরিমান দিন দিন বেড়েছে। এছাড়াও এই সড়ক দিয়ে যাত্রী পরিবহন ও ব্যবসায়ীদের বিভিন্ন মালামাল সড়ক পথে বিভিন্ন পরিবহনের মাধ্যমে নিয়ে আসছে এ উপজেলায়। গুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কার করার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান, তাহিরপুর উপজেলাসহ এ সড়ক দিয়ে চলাচলকারী ৫ লক্ষাধিক জনসাধারণ।
 
সুনামগঞ্জ জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান বলেন, আনোয়ারপুর ব্রিজ সংলগ্ন ইট সলিংয়ের রাস্তাটি মেরামতের কাজ ঈদের পূর্বে চলাচলের উপযোগী করা হবে।
 

ইত্তেফাক/এএম।