রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
শনিবার দুপুরে রায়পুর পৌর শহরের ১২তলা গাজী কমপ্লেক্স ভবনের সাত তলার বারান্দা থেকে নিচে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম আনিকা আক্তার(৪)। সে ওই ভবনের নেয়ামত উল্যার মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পৌর শহরের গাজী কমপ্লেক্সে সাত তলার একটি ফ্লাটে ভাড়া থাকেন তারা। ওইদিন বাসার বারান্দায় খেলছিল আনিকা। এক পর্যায়ে সে পাশের একটি ফুল গাছ থেকে ফুল নিতে গিয়ে বারান্দা থেকে নিচে পড়ে যায়। পরে স্বজনরা উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
আনিকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুর থানার ওসি(তদন্ত) সোলাইমান চৌধুরী।
