খসে পড়ছে একাডেমিক ভবনের পলেস্তারা, শিক্ষা কার্যক্রম ব্যাহত

আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ০২:২১

বোরহানউদ্দিনের আব্দুল জব্বার কলেজের একাডেমিক ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। খসে পড়ছে পলেস্তারা। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।

উপাধ্যক্ষ মোঃ মোফাজ্জল হোসেন জানান, ১৯৭২ সালে প্রায় ২৩ একর জমি নিয়ে কলেজটি প্রতিষ্ঠিত হয়। ১৯৭৮-৭৯ অর্থবছরে দ্বিতল একাডেমিক ভবনটি নির্মাণ করা হয়। কলেজটিতে উচ্চ মাধ্যমিক, ডিগ্রি, অনার্সের ছয়টি বিভাগ এবং বিএম শাখাসহ ২২’শ ছাত্র-ছাত্রী রয়েছে। ৭৫ ভাগ ক্লাস ওখানেই হয়।

সংস্কারের অভাব ও বর্ষার পানি চুঁইয়ে ভবনটি একেবারেই নাজুক হয়ে পড়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে মূল ফটকে তালা ঝুলিয়ে ওই ভবনের দ্বিতীয় তলাসহ ১৮টি কক্ষ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। শ্রেণিকক্ষের অভাবে পাঠদান ব্যাহত হচ্ছে। বিজ্ঞানাগারের আসবাবপত্র সরিয়ে ওখানেই আপাতত পাঠদান হচ্ছে।

অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) এসএম গজনবী জানান, এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য  আলী আজম মুকুলকে লিখিত ও মৌখিকভাবে জানিয়েছি। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আ. কুদদূস জানান, সংশ্লিষ্ট দপ্তরে চাহিদা পত্র পাঠাবেন।
ইত্তেফাক/নূহু