নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইউনিয়ন যুবদল নেতা নিহত হয়েছেন। নিহত আলম (৩২) উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ভীপপুর গ্রামের আবুল কাশেমের ছেলে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় তিন পুলিশ অফিসারসহ ৬জন আহত হয়।
বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আমানুল্লাপুর ইউনিয়নের জয়নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এই বন্দুকযুদ্ধ হয়।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইন চার্জ মোঃ সাজেদুর রহমান জানান, নিয়মিত টহল হিসাবে বেগমগঞ্জ মডেল থানার এসআই জসীম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বেগমগঞ্জের আমনুল্লাপুর ইউনিয়নের জয়নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে টহলরত অবস্থায় অতর্কিতভাবে অন্ধকার থেকে পুলিশের ওপর গুলি ছোড়ে। পুলিশ পাল্টাগুলি চালালে উভয় পক্ষের মধ্যে কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। পরে সেখান থেকে যুবদল নেতা ১৭ মামলার আসামি আলমের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি পাইপগান, তিন রাউন্ড পিস্তলের গুলি, পাঁচটি স্টিলের রড, একটি ছোরা ও একটি গ্রিল কাটার উদ্ধার করা হয়।
গুলি বিনিময়কালে এসআই শিশির, এএসআই আবদুল্লা, এএসআই করিম, কনস্টেবল মাহবুব, হাছান ও মাহবুবুর আহত হয়। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা করাচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এমআর
