বগুড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে রেলপথ বিভাগ। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে। অভিযানে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়।
রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রেজওয়ানুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। সদর থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ সহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহায়তায় উচ্ছেদ অভিযান পরিচালনা কালে রেলওয়ের অন্যান্য বিভাগীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উচ্ছেদ অভিযানে বগুড়া স্টেশনের প্লাটফর্ম এলাকা থেকে শহরের শাহ ফতেহ আলী রেলব্রিজ এলাকা পর্যন্ত এক কিলোমিটার এলাকায় প্রায় আড়াইশ অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।
বগুড়া রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, স্টেশন সব সময় পরিচ্ছন্ন রাখা এবং যাত্রীদের চলাচলে যেন সমস্যা না হয় এ সব কারণে বগুড়া রেলওয়ে স্টেশন ও তার আশপাশ এলাকায় অবৈধ দখলকারীদের উচ্ছেদ করা হয়েছে।
ইত্তেফাক/জামান
