ভোলা প্রতিনিধি
ভোলা সদর উপজেলার অ্যাডভোকেট ইউনুুছ মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরনবীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। দুপুর একটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে। পরে জেলা প্রশাসকের আশ্বাসের পর শিক্ষার্থীরা স্থান ত্যাগ করে। এসময় শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের সামনের চটপটির দোকানে এলাকার বখাটেরা বসে বিদ্যালয়ের মেয়েদের উত্ত্যক্ত করতো। তাই চটপটি বিক্রিতে বাধা দেয়ায় গত বুধবার সহকারী শিক্ষক মো. মহিউদ্দিনকে মারধর ও লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় শনিবার সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মেহেদী হাসান, স্থানীয় ইউপি সদস্য মো. জসিমউদ্দিন ও মহিলা ইউপি সদস্যের প্রতিনিধি মো. মনিরসহ সালিশে বসে। এ অবস্থায় কিছু বহিরাগত সন্ত্রাসী বিদ্যালয়ের লাইব্রেরিতে প্রবেশ করে প্রধান শিক্ষককে গালমন্দ করে চেয়ার দিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত প্রধান শিক্ষককে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিঞা বলেন, শিক্ষককে মারধরের ঘটনাটি শুনেছি। আমাদের কাছে অভিযোগ এসেছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
