সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা তাদের ১ দিনের বেতনের ১০ লাখ টাকা লালমনিরহাট জেলার হাতিবান্ধা এলাকার বন্যার্তদের মধ্যে বিতরণ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে তিস্তা ব্যারেজ এলাকায় দোয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে এ ত্রাণ বিতরণের উদ্ধোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বন্যার্ত ১ হাজার পরিবারের প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয় ।
এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, শুধু আমি কেন এ রকম নজিরবিহীন বন্যা দেখেননি এই অঞ্চলের মানুষ। উত্তরাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুর্নবাসন কর্মসূচি শুরু করেছে আওয়ামী লীগ সরকার। একজন মানুষও যাতে অভুক্ত না থাকে সেজন্য কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল আলম সরকারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইব্রাহীম হোসেন খান, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, পুলিশ সুপার এসএম রশিদুল হক, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, ইউএনও সৈয়দ এনামুল কবির, পিআইও ফেরদৌস আহম্মেদ, প্রকৌশলী অজয় কুমার রায় প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
