ইত্তেফাক ডেস্ক
ময়মনসিংহের ত্রিশাল ও মেহেরপুরের গাংনী থেকে গতকাল শনিবার দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
ত্রিশাল (ময়মনসিংহ):ত্রিশালে শনিবার রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মাছের খামার থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরিবার ও ত্রিশাল থানা সূত্রে জানা যায়, উপজেলার মঠবাড়ী ইউনিয়নের খাগাটি গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে রফিকুল ইসলাম শুক্রবার রাতে নিখোঁজ হয়। শনিবার বেলা ১১টার দিকে এলাকার একটি মাছের খামারে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
এদিকে মেহেরপুরের গাংনী সংবাদদাতা জানান, উপজেলার হেমায়েতপুর গ্রামের একটি বাগান থেকে হাসিবুর রহমান ওরফে হাসু নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এক সন্তানের জনক হাসু রাজারপাড়া হেমায়েতপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। শনিবার সকাল ৯টার দিকে স্থানীয় হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা হাসুর বাড়ির অদূরে একটি বাগানের চটকা গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। পারিবারিক কলহের জেরে হাসু আত্মহত্যা করেছে বলে ধারণা করছে স্থানীয়রা।
গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, লাশের শরীরে কোনো আঘাতের আলামত নেই। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। তবে তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।
