আনন্দ মিছিল শেষ করে বাড়ি ফেরা হলো না বিজয়ী প্রার্থীর। মিছিলেই অসুস্থ হলে তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার সময় পথিমধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
বৃহস্পতিবার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ মহাবিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্দ্বিতা করে ৬জন প্রার্থী। এদের মধ্যে দেয়ালঘড়ি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ৩১৮ ভোট পেয়ে বিজয়ী হন পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী গ্রামের সাইফুর রহমান মন্ডলের ছেলে রায়গঞ্জ কারিগরী কলেজের অধ্যক্ষ ইয়াছিন আলী মন্ডল রানা (৩৫)। বিকেল সাড়ে ৫টায় এ ফলাফল ঘোষণা করা হয়। এসময় তার কর্মী সমর্থকরা তাকে সাথে নিয়ে কলেজ চত্বর থেকে একটি বিজয় মিছিল বের করে। সেটি রায়গঞ্জ বাজারে পৌঁছলে মিছিলেই অসুস্থ বোধ করেন তিনি। এ অবস্থায় তাকে বাজারের পাশে একটি বাড়িতে নেয়া হয়। পরে সেখান থেকে নাগেশ্বরীর একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। শুক্রবার পৌনে দশটায় রায়গঞ্জ কলেজ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
প্রিজাইডিং অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা সালেকুল ইসলাম বলেন, তার আকস্মিক মৃত্যুতে আমরা অত্যন্ত দু:খ পেয়েছি। আমরা শোকাহত।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ আখেরুজ্জামান বলেন, ইয়াছিন আলী মন্ডল রানা এলাকায় একজন ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি এর আগেও এ মহাবিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ছিলেন। মেয়াদকালে তিনি অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। এবারেও অভিভাবকরা তার উপর আস্থা রেখে নির্বাচিত করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
ইত্তেফাক/এমআই
