নেত্রকোনার পূর্বধলায় যাত্রীবেশী ছিনতাইকারীর হামলায় কাকন মিয়া (২১) নামে এক ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ছেলের ওপর ছিনতাইকারীদের হামলার খবর শুনে এর আগেই বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে কাকন মিয়ার ৬৫ বছরের বৃদ্ধ বাবা আবুল কাসেমও মারা যান। পিতা-পুত্রের মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত কাকন মিয়া উপজেলার বিশকাকুনী ইউনিয়নের গায়লাপাড়া গ্রামের আবুল কাসেমের ছেলে। তিনি ওই এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
গত বৃহস্পতিবার রাত দুইটার দিকে কাকন মিয়া শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের শ্যামগঞ্জ মোড় থেকে তিন যাত্রীকে নিয়ে পূর্বধলা-দেওটুকোন সড়কের ছোছাউড়া নামক স্থানে আসেন। ওই সময় যাত্রীবেশি ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ওই দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে মোটরসাইকেলটি নিতে পারেনি তারা।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কাকন মিয়াকে উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ছয়টার দিকে তিনি মারা যান।
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) অভিরঞ্জন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই আহত কাকনকে উদ্ধার ও দুর্বৃত্তদের খুঁজে বের করতে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে মোটরসাইকেল ছিনতাই, ভাড়া নিয়ে গণ্ডগোল অথবা পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। তবে দুর্বৃত্তদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/এমআই
