ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, যাত্রীদের দুর্ভোগ

আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ১৬:০২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত দুই দিনে কয়েকটি দুর্ঘটনা এবং দাউদকান্দি ও মেঘনা টোলপ্লাজায় গাড়ির ওজন স্কেলিং এর কারণে থেমে থেমে যানজট সৃষ্টি হওয়ায় নাকাল হতে হচ্ছে সাধারণ জনগণকে। 
 
আজ শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ও কলেজ শিক্ষক নিবন্ধন পরীক্ষার কারণে যাত্রীর চাপ বেড়ে যাওয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির গৌরীপুর থেকে মদনপুর পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কে থেমে থেমে গাড়ি চলছে এবং দুপাশে যানজট লেগেই আছে।
 
গত ২২ আগস্ট মঙ্গলবার রাতে মেঘনা সেতুর নিকট ৩টি গাড়ি বিকল হয়ে যাওয়ায় সেতুর দুই পাশে ঐ রাত থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়। এছাড়া বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলার বারপাড়ার নিকট দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটলে যনজটের মাত্রা আরও তীব্র আকার ধারণ করে এবং এখন পর্যন্ত মহাসড়কে গাাড় থেমে থেমে চলছে। 
 
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, কোরবানি ঈদের আর কয়েকদিন বাকী থাকায় পশুবাহী ট্রাকের চাপ বৃদ্ধি পেয়েছে মহাসড়কে এবং মেঘনা-গোমতী সেতুর দাউদকান্দি এবং মেঘনা টোলপ্লাজায় ওজন স্কেলের কারণে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। অন্যদিকে দুর্ঘটনার বিষয়গুলোতো আছেই।
 
ইত্তেফাক/এমআই