চরফ্যাশনে ট্রাক চাপায় মাদ্রাসা ছাত্র নিহত, চালক আটক

আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ১৬:৪৩
 
ভোলা-চরফ্যাশন সড়কের আলিয়া মাদ্রাসা ব্রিজ সংলগ্ন স্থানে শুক্রবার সকালে ট্রাকের নিচে চাপা পড়ে শামীম (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এই ঘটনায় ট্রাক চালকে আটক করা হয়েছে।
 
নিহত শামীম আমিনাবাদ ইউনিয়নের হালিমাবাদ গ্রামের দিন মজুর ইউনুছ'র ছেলে এবং আমিনাবাদ নূরানি ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। পুলিশ ট্রাকসহ চালক নুরে আলম নসুকে (৩৫) আটক করেছে। 
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাইকেল যোগে চরফ্যাশন সদরে আসছিল মাদ্রাসা ছাত্র শামীম। পিছন থেকে আসা ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলটিকে ধাক্কা দিলে সাইকেলটি রাস্তার পাশে ছিটকে পরলে ট্রাকটি শামীমকে চাপা দেয়। উপস্থিত লোকজন শামীমকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
 
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ম.এনামুল হক জানান, ট্রাকসহ চালক নুরে আলম নসুকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/জামান