পদ্মার খালে গোসলে নেমে তিন বোনের মৃত্যু

আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ১৯:২৪
 
কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীর শাখা খালে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরসাদীপুর ইউনিয়নের উত্তর সাদীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলো- মরিয়ম খাতুন (৮), সালমা খাতুন (৬) ও লাবনী খাতুন (৪)। নিহত মরিয়ম সাদীপুর গ্রামের শফি উদ্দিনের কন্যা এবং সালমা ও লাবনী কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের সাইদুল ইসলামের কন্যা। নিহতরা সম্পর্কে খালাতো বোন।
 
জানা যায়, মামার বিদেশ যাত্রা উপলক্ষে পিতা-মাতার সাথে ওই শিশুরা নানা ইউনুস সেখের বাড়িতে এসেছিল। সেখানে আপন দুইবোন সালমা ও লাবনীসহ তাদের খালাতো বোন মরিয়ম পদ্মার শাখা খালে গোসল করতে নেমে তলিয়ে যায়। পানিতে তাদের ডুবে যাওয়ার দৃশ্য দেখে পদ্মা পাড়ের দুই শিশু দৌড়ে বাড়িতে যায়। খোঁজাখুঁজির একঘণ্টা পর এলাকার লোকজন ও স্বজনরা ওই তিন শিশুর লাশ উদ্ধার করে। কুমারখালী থানার ওসি আব্দুল খালেক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
 
ইত্তেফাক/জামান