'দুইমাস কোন এনজিও কিস্তির টাকা আদায় করতে পারবে না'

আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ২১:৩০
 
আগামী দুই মাস চলনবিল ও হালতিবিল অধ্যুষিত সিংড়া ও নলডাঙ্গা উপজেলায় বানভাসি ও বন্যা দুর্গত মানুষের কাছ থেকে কোন বেসরকারি এনজিও কিস্তির টাকা আদায় করতে পারবে না। যদি কোন এনজিও বানভাসি মানুষের কাছে কিস্তির টাকার জন্য চাপ সৃষ্টি করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক।
 
শুক্রবার বিকেলে নাটোরে সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়ন পরিষদ চত্বর ও লালোর ইউনিয়নের ত্রিমোহনী কলেজ সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সেতুর সামনে বানভাসি মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এমন হুঁশিয়ারি দেন।
 
প্রতিমন্ত্রী এসময় আরো বলেন, 'বন্যার পানি নেমে গেলে বানভাসি মানুষরা অর্থনৈতিক ভাবে সচ্ছল হলেই কেবল কিস্তির টাকা পরিশোধ করবেন। তার আগে কেউ কোন টাকা দিবেন  না।' তিনি বলেন, 'বন্যার কারণে বানভাসিদের অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি নেমে গেলে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সামর্থ্যমত সাহায্য সহযোগিতা করে পুনর্বাসন করা হবে। এ থেকে ক্ষতিগ্রস্ত  কোন ব্যক্তির কেউ বাদ যাবে না।'
 
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার মো. খাইরুল আলম, সহকারী পুলিশ সুপার ফয়জুর আলম, সিংড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি ওহিদুর রহমান শেখ, সিংড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, শেরকোল ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, উপজেলা আওয়ামীলীগ ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন প্রমুখ।
 
ইত্তেফাক/জামান