জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেছেন, 'আমি এমনি এই পর্যায়ে আসিনি। আমাকে আজকের এই পর্যায়ে আসতে কঠোর পরিশ্রম করতে হয়েছে। এখনো পরিশ্রম করছি। আমার টার্গেট আবারো জাতীয় দলের হয়ে দেশের জন্য আরো ভালো কিছু করা। এই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন।'
শুক্রবার বিকেলে মিরসরাই উপজেলার বারইয়ারহাট সামছুর নাহার নুন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে রিলায়েন্স ট্যালেন্টপুল বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, 'আজকের মেধাবী শিশুরা আগামীতে দেশ ও সমাজের হাল ধরবেন। তারা একদিন দেশের নেতৃত্ব দেবেন। শুধু পড়াশোনা করলে হবেনা সকলকে আলোকিত মানুষ হতে হবে। এজন্য কঠোর অধ্যবসায়ের বিকল্প নেই। পরিশ্রম ছাড়া জীবনে কখনো সুফল আসেনা।'
সামছুর নাহার নুন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও শাখাওয়াত হোসেন রিপন, স্কুল শিক্ষক সানজিদা আক্তার সোনিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা তৌহিদুল ইসলাম তুহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ওই কলেজ পরিচালনা কমিটির সভাপতি মীর আলম মাসুক, ঢাকা পাইওনিয়ার ক্রিকেট স্কুলের প্রধান কোচ ফজলুল অদূদ জাগীরদার, বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল হুদা, খবরিকা সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, সাংবাদিক এম মাঈন উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন রায়।
ইত্তেফাক/জামান
