আরো ৩ হাজার রোহিঙ্গা উখিয়ায় ঢুকে পড়েছে

আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ২২:১৪
 
কক্সবাজারের উখিয়া সীমান্তে  আরও তিন হাজার রোহিঙ্গা ঢুকে পড়েছে। এদের মধ্যে নারীও শিশুর সংখ্যা বেশি। শুক্রবার বিকেল ৫টায় সীমান্তের পালংখালী ইউনিয়নের আনজিমান থেকে ধামনখালী পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশস্থ নাফনদীর তীরে ঢুকে বেড়ীবাঁধে অবস্থান নিয়েছে।
 
পালংখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য জয়নাল আবেদীনসহ একাধিক এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ওপারে অসংখ্য গোলাগুলির আওয়াজ শুনা যায়, একইভাবে শুক্রবার দুপুর হতে গোলাগুলির শব্দ শোনা যায়। বিকেল সাড়ে ৫টায় চারজন বিজিবির সদস্য বেড়ীবাঁধে অবস্থানরত রোহিঙ্গাদেরকে বেড়ীবাঁধের ওপারে ফেরত পাঠাতে চেষ্টা করে।
 
পালংখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোজাফফর আহমদ বলেন, শুক্রবার সকাল থেকে প্রায় তিন হাজার রোহিঙ্গা নাগরিক নাফনদীর তীরে বেড়ীবাঁধে অবস্থান করছে। তিনি বলেন, সকাল থেকে আসা এসব রোহিঙ্গারা যাতে গ্রামে ঢুকতে না পারে স্থানীয় ইউপির চৌকিদারও গ্রাম পুলিশ দিয়ে পাহারায় রাখা হয়েছে।
 
উল্লেখ্য যে, গত তিন সপ্তাহে অন্তত: ছয় হাজার রোহিঙ্গা নাগরিক সীমান্তের নাফনদী পার হয়ে উখিয়ার বালুখালী ও কুতুপালং এর বনভূমিতে আশ্রয় নিয়েছে।
 
ইত্তেফাক/জামান