চট্টগ্রামে বাজি নিয়ে বিরোধে বাবা খুন

আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ১০:১৪
চট্টগ্রাম নগর লাগোয়া কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে মোহাম্মদ জাফরকে (৫৫) ‘পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের পুত্র নয়নের সাথে তাদেরই এক নিকটাত্মীয়ের বাকবিতণ্ডা থামাতে গিয়ে খুন হয়েছেন জাফর। প্রাথমিকভাবে পুলিশ এমনটি জানিয়েছে।
 
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে নয়টার দিকে জাফরের ছেলে নয়ন ১৬ গুটি খেলা (একটি গ্রাম্য খেলা) নিয়ে নিকটাত্মীয় মইনুলের সঙ্গে এক হাজার টাকার বাজি ধরে। নয়ন বাজিতে হেরে গেলে টাকা দিতে না পেরে মাইনুলকে তার মোবাইল ফোন রাখতে বলে। পরে নয়ন সেই মোবাইলে থাকা মেমরি কার্ড ফেরত দিতে বললে মইনুল অপরাগতা প্রকাশ করে। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়।
 
হাতাহাতির পর জাফর ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত হয়ে পড়ে। এ সময় মইনুলের আত্মীয় বাবলু, রবিউল জাফরকে লাঠি দিয়ে এলোপাথাড়ি মারতে থাকে। এতে জাফর গুরুতর জখম হলে তাকে চমেক হাসাপাতালে নেয়া হয়, এবং ডাক্তাররা রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে মইনুল ও রবিউলকে গ্রেফতার করেছে।
 
ই্ত্তেফাক/এমআই