ভোলা সদরের আলীনগরের মৌটুপি গ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘরের সামনে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ঈদ-উল আযহাকে সামনে রেখে পশুর হাট বসিয়েছেন বলে অভিযোগ ওঠেছে। ফলে গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘরের পরিবেশ নষ্ট হচ্ছে।
আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির আহমেদ জানিয়েছেন- স্থানীয় আওয়ামী লীগ নেতা সেলিম জমাদ্দার সম্পূর্ণ অবৈধভাবে ওই পশুর হাট বসিয়েছেন। তিনি আরো জানান, সেলিম জমাদ্দার গংদের তিনি পশুর হাট বসাতে নিষেধ করলেও তারা মানেনি।
মোহাম্মদ মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘরের কেয়ারটেকার মো. সেলিম জানান, গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘরের সামনে পশুরহাট বসানোর কারণে এখানকার পরিবেশ নোংরা হচ্ছে। কিন্তু তাদেরকে কিছু বলার নেই। গত কয়েকবছর যাবত তারা এখানে অবৈধভাবে পশুর হাট বসাচ্ছে, পত্রিকায় খবর ও ছাপা হয়েছে কিন্তু অবৈধ পশুর হাট বন্ধ হচ্ছেনা।
ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৃধা মো. মোজাহিদুল ইসলাম জানান বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে জানলে ভাল হতো। সাংবাদিকের মাধ্যমে জেনেছি এখন ব্যবস্থা নেব। এ ব্যাপারে অভিযুক্ত সেলিম জমাদ্দারের বক্তব্য নেয়ার জন্য চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
ইত্তেফাক/জামান
