যাত্রাবাড়ি অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ০০:৩৮

রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় অজ্ঞাত এক শিশুর (১বছর) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় দক্ষিণ কাজলার নয়ানগর ৪১/বি ছয় তলা ভবনের নীচতলার সিঁড়ির সামনে ওই শিশুর লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ রাত সাড়ে ৯টায় ঘটনাস্থলে গিয়ে ওই শিশুর লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিডফোর্ড) হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয় সূত্র জানায়, ছয় তলা বাড়িটি চার তলা পর্যন্ত মালিকসহ ভাড়াটিয়ারা বসবাস করছেন। সন্ধ্যায় নীচ তলার বাসিন্দা মসজিদে যাওয়ার জন্য দরজা খুলে দেখেন সিঁড়ির সামনে শিশুটি অচেতন অবস্থায় পরে রয়েছে। খবর পেয়ে ওই বাড়ির বাসিন্দা ও স্থানীয়রা আসার পর শিশুটিকে কেউ সনাক্ত করতে পারেননি। স্থানীয়রা ধারণা করছেন কে বা কারা শিশুটি হত্যার পর লাশ ওই বাড়ির নীচ তলায় ফেলে গেছে।

যাত্রাবাড়ি থানার ওসি মো. আনিসুর রহমান জানান, কে বা কারা শিশুটি হত্যার পর লাশ ফেলে গেছে ওই বাড়ির সামনে। শিশুটি সনাক্ত হয়নি। লাশ ময়না তদন্তের জন্য মিডফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/নূহু