সাতক্ষীরায় অটোরাইস মিলের কালো ধোঁয়া, ছাই ও নির্গত বর্জ্য পদার্থের ফলে কৃষি জমি এবং পরিবেশের মারাত্মক ক্ষতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের অদূরে ত্রিশমাইল অটোরাইস মিল সংলগ্ন বঙ্গবন্ধু পেশাভিত্তি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এলাকাবাসীর আয়োজনে তালা উপজেলার নগরঘাটা ইউপি সদস্য লক্ষ্মীকান্ত সরকারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির নেতা ফাহিমুল হক কিসলু, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুলের প্রধান শিক্ষিকা লায়লা পারভীন সেঁজুতি, সাতক্ষীরা কলেজ শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমান, বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুলের শিক্ষক বাবু রামকৃষ্ণ মণ্ডল প্রমুখ।
বক্তারা বলেন, মানববন্ধন কর্মসূচি থেকে অবিলম্বে আবাসিক এলাকায় উক্ত রাকিব অটোরাইস মিলটি বন্ধের দাবি জানান। তারা আরো বলেন, রাকিব অটোরাইস মিলের বর্জ্য পাশের বেতনা ও কপোতাক্ষ নদের পানিতে মিশে মারা যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ। এই বর্জ্যমিশ্রিত পানি আশেপাশের মত্স্য ঘের ও পুকুরে মিশে দূষিত হচ্ছে পানি। এর ফলে শুধু মাছ মারা যাচ্ছে না, মানবদেহেরও নানা সমস্যা দেখা দিচ্ছে। আর এই মিলের ছাই বাতাসে উড়ে এসে পার্শ্ববর্তী বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুল ও কাপাশডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস করতে পারছে না।
অন্যদিকে শিক্ষার্থীদের মারাত্মক শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। তাই অবিলম্বে আবাসিক এলাকায় উক্ত রাকিব অটোরাইস মিলটি বন্ধের জন্য বক্তারা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
অটোরাইচ মিলের মালিক এবাদুল হক জানান, মানববন্ধনের সংবাদ পাওয়ার পর আমি মিল বন্ধ করে দিয়েছে। কালো ধোঁয়া নির্গত বন্ধসহ যাবতীয় সমস্যার সমাধান করে ঈদের পর মিল পুনরায় চালু করব।
ইত্তেফাক/নূহু
