কালিহাতীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুইশ’ হেক্টর ফসলি জমি হুমকির মুখে পড়েছে। জানা যায়, উপজেলার পারখী ইউনিয়নের ভিয়াইল গ্রামের পশ্চিম পাশে কুমড়ীবিলে ৮/১০টি অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে অপরিকল্পিতভাবে কতিপয় প্রভাবশালী কস্তুরীপাড়া গ্রামের আব্দুল লতিফ, মতিন ও রনি, ভেঙ্গুলা গ্রামের শাজাহান, ভিয়াইল গ্রামের আজাহার, ঘুণীপাড়া গ্রামের শামীম ও কাদেরসহ তাদের বাহামভুক্ত লোকজন বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করছে। এতে পরিবেশের ক্ষতির পাশাপাশি এলাকাবাসীর দুইশ’ হেক্টর ধানী ফসলি জমি হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। শুধু তাই নয়, যে কোনো সময় ধসে যেতে পারে আশেপাশের বসবাসকারী বাড়িঘরগুলো। স্থানীয়রা জানান, বালু উত্তোলনকারীরা প্রতিদিন প্রায় একলাখ ঘনফুট বালু উত্তোলন করছে। এভাবে অবৈধভাবে বালু উত্তোলন করলেও কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এভাবে অবৈধভাবে বালু উত্তোলন চলতে থাকলে ফসলি জমিসহ বাড়িঘরগুলো ধসে যেতে পারে বলেও জানান এলাকাবাসী। এদিকে ড্রেজার মেশিনের মালিকরা প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। এসব ড্রেজার মেশিন বন্ধ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান এলাকাবাসী।
পারখী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সঙ্গে মুঠোফোনে বার বার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। উপজেলা নির্বাহী অফিসার আবু নাসারউদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই, দেখতেছি।
ইত্তেফাক/নূহু
