খুলনা-পাইকগাছা সড়কের আঠারো মাইল বাজারে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এতে আরও ৩৫ যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, পাইকগাছা থেকে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস আঠারোমাইল বাজার মোড় অতিক্রম করার সময় খুলনা পাইকগাছা সড়কে অপর একটি যাত্রীবাহী দ্রুতগামী বাসের সংঘর্ষ হয়। এতে পাইকগাছাগামী বাসের চালক রবিন বসু (৫০) ঘটনাস্থলে মারা যান। অপর চালকসহ উভয় বাসে থাকা প্রায় ৩৫ জন শিশু, নারী-পুরুষ যাত্রী আহত হন।
স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য খুলনা ও সাতক্ষীরা সহ বিভিন্ন স্থানে হাসপাতালে পাঠিয়েছেন বলে খর্নিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক কামরুজ্জামান ও ডুমুরিয়া উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আব্দুল হালিম জানান। সংঘর্ষ কবলিত বাসদুটি ডুমুরিয়া থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে সূত্র জানান।
ইত্তেফাক/জামান
