সহকর্মীকে নির্যাতনের প্রতিবাদে কাউখালীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৭:৩২
বরগুনার  বেতাগীর উত্তর করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে এক শিক্ষিকার গণধর্ষণের ঘটনার বিচার দাবিতে রবিবার বিকেলে কাউখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককেরা। 
 
উপজেলা পরিষদ থেকে প্রাথমিক শিক্ষক সমিতি সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রায় তিন শতাধিক শিক্ষক-শিক্ষিকা ও সুধী সমাজের লোকজন অংশ নেন। 
 
ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাউখালী উপজেলা শাখার সভাপতি সুব্রত রায়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, উপজেলা ভাইস  চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, উপজেলা শিক্ষা অফিসার খোন্দকার জসিম আহামেদ, ইউআরসি'র সহকারী ইনস্ট্রাক্টর আল মামুন, সমিতির সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির, যুগ্ম সম্পাদক লিটন কৃষ্ণ কর, বিদ্যোৎসাহী আব্দুল লতিফ খসরু, মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমদ্দার, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শেখর চন্দ্র দে, শিক্ষক হুমায়ূন কবীর, পদ্মা রানী দত্ত প্রমুখ।
 
 
ইত্তেফাক/ইউবি