ঠাকুরগাঁওয়ে দুই সংবাদকর্মীর ওপর সন্ত্রাসী হামলা

আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ০০:৫৬

সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঠাকুরগাঁওয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দুই সংবাদকর্মী। রবিবার দুপুর ৩টার দিকে জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার এ ঘটনা ঘটে।

আহত শাকিল আহমেদ (২৪) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঠাকুরগাঁও প্রতিনিধি ও স্থানীয় সাপ্তাহিক উত্তর কথা পত্রিকার স্টাফ রিপোর্টার জুনাইদ কবির (২৩)। আহত দুই সাংবাদিক ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালের চিকিৎসক নিশা আক্তার রূপা বলেন, আহত দুই সাংবাদিকের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাদের দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদকর্মী শাকিল আহমেদ বলেন, রবিবার দুপুরে জেলার হরিপুর উপজেলার আটঘুরিয়া গ্রামে বন্যার্তদের মাঝে রেডক্রিসেন্টের ত্রাণ বিতরণের খবর সংগ্রহ করতে যাই। সংবাদ সংগ্রহ শেষে ফেরার সময় রানীশংকৈল উপজেলার নেকমরদ হাটে পেছন দিক থেকে একটি চার্জার রিক্সাভ্যান তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এর প্রতিবাদ করলে স্থানীয় থ্রি হুইলার (পাগলু) এর চেইন মাস্টার ইমরানের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চেইন মাস্টার ইমরান তাঁর লোকজন নিয়ে আমাদের ধাওয়া দেয়। এ সময় আমরা নেকমরদের দূর্লভপুর গ্রামে আশ্রয় নেই। এরপর  ইমরান ও তার লোকজন আমাদের খুঁজে বের করে রড ও লাঠিসোটা দিয়ে আমাকে ও আমার সহকর্মীকে বেধড়ক মারধর করে।

পরে প্রায় দুই ঘন্টার পর চেষ্টা চালিয়ে বিকেল ৫টার দিকে আহত অবস্থায় দূর্লভপুর গ্রাম থেকে পুলিশ ওই দুই সংবাদকর্মীকে উদ্ধার করে। তবে পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্ত চেইন মাস্টার ইমরানকে গ্রেফতার করতে পারেনি।

রানীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় দুই সংবাদকর্মীকে উদ্ধার করেছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের সাংবাদিক মহল। সেই সাথে অভিয্ক্তুদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানিয়েছেন।

ইত্তেফাক/নূহু