সৈয়দপুরে যুবলীগ কর্মীকে ছুরিকাঘাত, আটক ২

আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ১২:০৯
 
নীলফামারীর সৈয়দপুরে রেজোয়ান (২৬) নামে যুবলীগ কর্মীকে ছুরিকাঘাত করেছে দুর্বত্তরা। রবিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের উপকন্ঠ উত্তরা আবাসনে এ ঘটনা ঘটে। রেজোয়ান আবাসনের আফতাব হোসেনের ছেলে এবং পৌর ১ নম্বর ওয়ার্ডের যুবলীগের কর্মী।
 
সূত্র মতে, আর্থিক লেনদেন নিয়ে রেজোয়ানের সঙ্গে প্রতিবেশী ইকবাল হোসেন (৫৩) ও তার পুত্র সাকিব হোসেনের (২৬) দ্বন্দ্ব হয়। এরই জের ধরে রেজোয়ানকে আটকিয়ে ধারালো ছুরি দিয়ে তার হাতের রগ কেটে দেয় এবং কোমরের নিচে আঘাত করে।
 
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত রেজোয়ানকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
 
সৈয়দপুর পৌর কাউন্সিলর মো. শাহিন হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ইকবাল ও সাকিবকে আটক করেছে। তবে ওই ঘটনায় ইকবালের স্ত্রী আহত হয়েছেন। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
 
ইত্তেফাক/কেকে