পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ১৪:৫৩
 
পঞ্চগড়-ঢাকা মহাসড়কের আটোয়ারী সাতখামার এলাকায় ট্রাকের ধাক্কায় রবিউল ইসলাম রবি (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে বিআরটিসি বাস অতিক্রম করতে গিয়ে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 
 
পেশায় তিনি একজন কাপড় ব্যবসায়ী। তার বাড়ি জেলার সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের শিংপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল করিমের ছেলে। 
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবি তার বন্ধু লিটু (৩০) ও সানজিদ (৩০) মোটরসাইকেলে করে ঠাকুগাঁও যাচ্ছিলেন। পথিমধ্যে একটি বিআরটিসি বাসকে অতিক্রম করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রবি নিহত হন। আহত হন দুইজন। স্থানীয় লোকজন তাদের তাৎক্ষণিক বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।  
 
বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. সুমনা আখতার রবির আগেই মৃত্যু হয়েছে বলে জানান। দুর্ঘটনার খবর পেয়ে পঞ্চগড়-১ আসনের সাবেক সাংসদ মজাহারুল হক প্রধানসহ এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। 
 
বোদা থানার অফিসার ইনচার্জ এ কে এম নুরুল ইসলাম দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
ইত্তেফাক/কেকে