কুষ্টিয়ায় বিজিবির মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ২৩:৫৪

কুষ্টিয়ার দৌলতপুরে বন্যা দূর্গতদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলার দূর্গম পদ্মার চর এলাকায় অবস্থিত চিলমারী বিজিবি ক্যাম্প সংলগ্ন সরকারপাড়া সীমান্ত সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কুষ্টিয়া সেক্টর ও ৪৭ বিজিবির যৌথ উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বিনামূল্যে চিকিৎসা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, বিজিবির দক্ষিণ পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল আবু সঈদ আল মসউদ, বিজিবির দক্ষিণ পশ্চিম রিজিয়নের অপারেশন শাখার পরিচালক লেঃ কর্নেল তৈমুর সালাদীন কায়কোবাদ, ৪৭ বিজিবির অধিনায়ক  লেঃ কর্নেল রাশেদুল হক খান প্রমুখ।

মেডিকেল ক্যাম্পেইন এ বিজিবির চুয়াডাঙ্গা হাসপাতাল ও বিজিবি কুুষ্টিয়া সেক্টরের ৩ জন মেডিক্যাল অফিসার এবং ৭ জন মেডিক্যাল সহকারী বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

এ সময়ে বন্যাদূর্গত এক হাজার মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয় বলে ৪৭ বিজিবির উপ-অধিনায়ক মেজর আ ন ম নজরুল ইসলাম জানিয়েছে।

ইত্তেফাক/নূহু