তেরখাদায় প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ

আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ০১:২০

তেরখাদা উপজেলার গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবনটি দীর্ঘদিন যাবত্ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আর তাই মসজিদের বারান্দায়ই চলছে ক্লাস। ভবনটি গত তিন/চার বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়। শিক্ষকদের সমন্বয়ে একটি টিনসেড ঘর নির্মাণ করা হলেও ওই ঘরে এখন হাঁটু পানি। বৃষ্টি হলেই ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের জীবনে নেমে আশে দুর্বিষহ যন্ত্রণা। ঝুঁকিপূর্ণ ভবনের ছাদের ফাটল দিয়ে অবিরাম পানি পড়ছে। ভবনের পিলার ও ছাদ ধসে পড়ছে। ফ্লোর ফেটে চৌচির হয়ে গেছে। দেয়ালের একাধিক স্থানে ফাটল ধরেছে। ওই ভবন এখন পরিণত হয়েছে মরণ ফাঁদে। উপায় না পেয়ে এখন মসজিদের বারান্দায় বসেই ক্লাস কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, বর্তমানে বিদ্যালয়ে দুই শতাধিক ছাত্র-ছাত্রী পড়ালেখা করছে। প্রতিবছর গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একাধিক ছাত্র-ছাত্রী ট্যালেন্টপুলে এবং সাধারণ বৃত্তি পায়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের খেলার মাঠটিও এখন পানিতে ডুবে আছে। ফলে দীর্ঘদিন আগে থেকেই ছাত্র-ছাত্রীদের খেলা ও শরীরচর্চা ব্যাহত হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন জানান, তেরখাদা উপজেলায় বেশ কিছু বিদ্যালয়ের মূল ভবন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে। অর্থ বরাদ্দ হলে পর্যায়ক্রমে বিদ্যালয়গুলো পুনঃনির্মাণ করা হবে।

ইত্তেফাক/নূহু