শিমুলিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি

আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১১:১২
 
ফেরি স্বাভাবিক গতিতে চলাচল না করায় দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়াঘাটে যানবাহনের দীর্ঘ লাইন দেখা দিয়েছে। শিমুলিয়ার ৩ নম্বর ঘাট সোমবার দিবাগত রাতে বন্ধ হয়ে যায়। অাজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ঘাটটি পুরোপুরি বন্ধ থাকে। মেরামতের পর সকাল থেকে ঘাট দিয়ে পারাপার শুরু হয়।
 
শিমুলিয়া ঘাটে পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। তীব্র স্রোত ও বাতাসের কারণে ফেরি চলছে ধীর গতিতে। একই সঙ্গে ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। আবার পশুবাহী যানবাহনের চাপও বেড়েছে। অপেক্ষারত যানের মধ্যে ট্রাকের সংখ্যা প্রায় সাড়ে ৩শ' বলে জানা গেছে।  
 
শিমুলিয়া বিআইডব্লিউটিসির এজিএম খন্দকার শাহ নেওয়াজ খালেদ জানান, প্রতিদিন বাড়তি প্রায় ৩/৪ শত পশুবাহী ট্রাক ও কাভার্ডভ্যান যাচ্ছে ঢাকার দিকে। ট্রাক খালি করে আবারও অাসছে। তার সঙ্গে নদীতে তীব্র স্রোত ও বাতাস রয়েছে। ৩ নম্বর ঘাট সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
 
পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম জানান, যানজট এড়াতে অাগামীকাল বুধবার থেকে ঈদের দিন পর্যন্ত নৌরুটে সব পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে। এই তিন দিন শ্রীনগরের ছনবাড়ী এবং সিরাজদিখানের কুচিয়ামোড়া এলাকায় পণ্যবাহী ট্রাকগুলোকে আটকে দেওয়া হবে।
 
ইত্তেফাক/আরকেজি/কেকে