ঠাকুরগাঁওয়ে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১৩:৫৭
 
ঠাকুরগাঁও সদর বেগুন বাড়ি ইউনিয়নের দানারহাট এলাকায় গলায় ফাঁস দিয়ে আব্দুল মজিদ (৫০) নামে এক পোস্ট অফিসের পিয়ন আত্মহত্যা করেছেন।
 
আজ মঙ্গলবার সকালে দানারহাট এলাকার হাটপাড়া গ্রামে আব্দুল মজিদের বাড়ির সামনের আম গাছে তার ঝুলন্ত লাশ এলাকাবাসী দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
 
এলাকাবাসী সূত্রে জানা যায়, আব্দুল মজিদ বেগুন বাড়ি ইউনিয়নের হাটপাড়া গ্রামের মৃত সহিম উদ্দীনের ছেলে। পোস্ট অফিসের চাকরি থেকে অবসর নেওয়ার পরে তিনি দানার হাটে চায়ের দোকান করতেন। 
 
আব্দুল মজিদের স্ত্রী রাণী বেগম জানান, মজিদ মঙ্গলবার রাত ১২ টা পর থেকে নিখোঁজ ছিলেন। দোকান বন্ধ করে বাড়ি আসেননি আর। 
 
তিনি অভিযোগ করে বলেন, আমার স্বামী আত্মহত্যা করেননি। তাকে গলায় ফাঁস দিয়ে আম গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
 
ঠাকুরগাঁও সদর থানার অফিসার্স ইনচার্জ মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি আত্মহত্যা না খুন বিষয়টি তদন্ত করে বলা যাবে। 
 
ইত্তেফাক/কেকে