চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলা সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী মঙ্গলবার দুপুরে আকস্মিক পরিদর্শন করেন। এসময় তিনি আট ডাক্তারকে অনুপস্থিত দেখতে পেয়ে শোকজ করেছেন এবং আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলেন।
পটিয়া হাসপাতালের গাইনী বিভাগের ডাক্তার জাকিয়া আফরোজ, এনেস্টেটিজ কনসালটেন্ট অসিত কুমার দাশ, মেডিকেল অফিসার সুজন কুমার ধর, মেডিকেল অফিসার হেনা আরা বেগমকে কর্মস্থলে অনুপস্থিত, নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত না থাকায় আরও চারজন ডাক্তারকে শোকজ করা হয়। এভাবে পটিয়া হাসপাতালে প্রতিদিন ডাক্তারদের অনুপস্থিতের কারণে পৌরসদর ও উপজেলা থেকে চিকিৎসা সেবা নিতে আসা নারী ও পুরুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। অপরদিকে, জেলা সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী সকালে কর্ণফুলী উপজেলা জুলধা ও চরলক্ষ্যা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করে চিকিৎসক সেবায় সন্তুষ্টি হন। এসময় উক্ত দুই কেন্দ্রের চিকিৎসক ডা. মুর্শিদা খানম ও ডা. মাশরুফা তাহের উপস্থিত ছিলেন।
এদিকে, পটিয়া উপজেলা মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভায় সংসদ সদস্য সামশুল হক চৌধুরী জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, 'পটিয়া হাসপাতালে বেশ কিছুদিন ধরে ডাক্তাররা দিনের এগারোটাও উপস্থিত হয় না। যার কারণে এলাকার লোকজন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলা চেয়ারম্যান, ইউএনও, পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যানদের তদারকি করার নির্দেশ দেন।'
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী জানান, 'পটিয়া হাসপাতালে ঝটিকা অভিযান চালানো হয়েছে। এতে হাসপাতালের আট ডাক্তার কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এসব ডাক্তারকে শোকজ করা করা হয়েছে। তারা আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে শোকজের জবাব দিবেন। তাছাড়া ডাক্তারদের বিরুদ্ধে চিকিৎসা সেবা না পাওয়াসহ যেসকল অভিযোগ উঠেছে শীঘ্রই একটি তদন্ত কমিটি গঠন করা হবে।'
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম জানান, 'অনুপস্থিত থাকার জন্য যে চারজন ডাক্তারকে শোকজ দেয়া হয়েছে তারা কেউ মৌখিক ছুটি, কেউ অন্য দায়িত্ব ছিলেন। তারা আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে শোকজের জবাব দিবেন।'
ইত্তেফাক/জামান
