কানাডার বিশ্ববিদ্যালয় ছাত্র ফাহিম দেশে এসে নিখোঁজ

আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ১০:৩৩
কানাডার মন্টিলের ম্যাগসাই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের ছাত্র ইশরাফ আহমেদ ফাহিম (২০) নিখোঁজ হয়েছেন। গত শনিবার রাত সাড়ে আটটা থেকে তাকে পাওয়া যাচ্ছেনা।
 
ওই দিন রাত সাড়ে আটটার দিকে ধানমন্ডির স্টার কাবারের পাশের একটি রেস্টুরেন্টে তিন বন্ধুকে নিয়ে খাওয়া দাওয়া করেন তিনি। অন্য তিন বন্ধু চলে গেলেও বাসায় ফেরেনি ফাহিম। যেখান থেকে তারা বিদায় নিয়েছেন সেখান থেকে ফাহিমদের বাসার দূরত্ব দুই মিনিটের হাঁটা পথ। ক্লোজ সার্কিট ক্যামেরায়ও তাদের বিদায় নেয়ার দৃশ্য দেখা গেছে।
 
ফাহিমের চাচা এনজেড বাংলাদেশ লিমিটেডের কর্ণধার নাসির উদ্দিন আহমেদ ইত্তেফাককে বলেন, ফাহিমের বাবা জামাল উদ্দিন আহমেদও গার্মেন্টের ব্যবসা করেন। তার প্রতিষ্ঠানের নাম নুরুন্নাহার নিটওয়ার লিমিটেড। ফাহিম বাংলাদেশে ম্যাপেললিফ স্কুল ও কলেজ থেকে ‘ও লেভেল’ এবং ‘এ লেভেল’ পাশ করে উচ্চ শিক্ষার জন্য কানাডা যায়। প্রথমবারের মতো বিদেশ যাওয়ার ১০ মাস পর গত রোজার মধ্যে দেশে ফেরে সে। আগামী ৩ সেপ্টেম্বর ঈদ শেষে তার কানাডায় ফিরে যাওয়ার কথা ছিল তার।
 
ভাতিজা নিখোঁজের ঘটনায় ধানমন্ডি থানায় জিডি করা হয়েছে উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, বিষয়টি আমরা র্যাব ও পুলিশকে জানিয়েছি। তারা স্টার কাবারের সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে দেখেছেন। সেখানে দেখা যাচ্ছে, চারজন কথা বলে বিদায় নিচ্ছেন। তিনজন রাস্তার উল্টোদিকে চলে যান। ফাহিম যেখান থেকে বিদায় নেন সেখান থেকে বাসার দূরত্ব পায়ে হেঁটে দুই মিনিটের পথ। কিন্তু সে আর বাসায় ফেরেনি। র্যাব-পুলিশসহ সবাই তার ই-মেইল বা ফেসবুক পরীক্ষা করে খারাপ কিছু পাইনি। এমনকি জঙ্গিবাদ সংশ্লিষ্টও কোন কিছু পাওয়া যায়নি। ফাহিমের নিখোঁজে ভেঙে পড়েছে পুরো পরিবার।
 
ধানমন্ডি থানার ওসি (তদন্ত) পারভেজ ইসলাম ইত্তেফাককে বলেন, ফাহিম নিখোঁজের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এখনো আমরা কোন ক্লু পাইনি।
 

ইত্তেফাক/এএম।