বগুড়ায় মা-মেয়ে খুন

আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ২২:১৫
 
বগুড়া সদরের নামুজা ভাণ্ডারীপাড়া ইউনিয়নে মা-মেয়ে খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে।
 
নিহতরা হচ্ছেন, ওই ইউনিয়নের মজিদপাড়া গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী তাকিয়া বেগম (৩৩) এবং মেয়ে শিশু আয়েশা (০৭)।
 
নিহতদের স্বজনরা জানান, গোলাম মোস্তফা বর্তমানে ঢাকায় একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। সোমবার রাতে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে তাকিয়া তার মেয়ে আয়েশাকে নিয়ে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার বিকেল পর্যন্ত মা-মেয়ের কোনো সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশিরা তাকিয়ার মা মরিয়ম বেগমকে খবর দেন।
 
খবর পেয়ে মা মরিয়ম তার ছেলে আব্দুল মোমিনকে সঙ্গে নিয়ে তাকিয়ার বাড়িতে আসেন। তারা এসে শয়নকক্ষে তাদের লাশ দেখতে পান। এসময় নিহতের শয়নকক্ষের পেছনের জানালা ভাঙা দেখতে পান। পরে খবর দিলে সদর থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
 
বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানাযায়নি। কিভাবে এই হত্যাকাণ্ড হয়েছে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে। লাশ দুটি ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/জামান