গাজীপুরে ৫ জুয়াড়ি আটক

আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ২৩:৪৬

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার সিএন্ডবি বাজারে জুয়ার আসরে অভিযান চালিয়ে ২৩ জুয়াড়িকে কারাদণ্ড দেওয়া হয়েছে গত রবিবার। মঙ্গলবার পুনরায় জুয়ার কার্যক্রম শুরুর প্রস্তুুতি নিচ্ছিল জুয়াড়িরা। এ সময় আবার অভিযান চালিয়ে জুয়ার প্যান্ডেল ভেঙে দিয়েছে শ্রীপুর থানা পুলিশ, আটক করেছে ৫ জুয়াড়িকে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করেছে পুলিশ।

আটকৃতরা হলো গাজীপুর সদর উপজেলার পিরুজাআলী গ্রামের মৃত আমান উল্লাহর ছেলে লিটন (৩৯), কিশোরগঞ্জ জেলার খিলপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে আলামিন (৩০), একই জেলার সদর উপজেলার গণি মোল্লার ছেলে মাহাবুবুল আলম (৪৫), গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামের মহিউদ্দিনের ছেলে ইমন হোসেন (১৮) ও একই এলাকার রহিম মিয়ার ছেলে সজিব রহমান (১৮)।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, গত রবিবার রাতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অনুমোদনহীন মেলার নামে জুয়ার আসর ভেঙে দেয়। পরবর্তীতে গতকাল মঙ্গলবার পুনরায় গোপনে মেলা চালু করার উদ্যোগ নিলে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদের নির্দেশে শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসরের প্যান্ডেল ও স্থাপনা ভেঙে দেয়া হয়। আয়োজক ও জুয়াড়িসহ ৫জনকে আটক করা হয়েছে সেখান থেকে।

ইত্তেফাক/নূহু