সৌদি আরবকে হারিয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখল সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা প্রতিবেশী দেশটিকে ২-১ গোলে পরাজিত করে।
বাছাইপর্বের ৯ ম্যাচে এটি ছিল আরব আমিরাতের চতুর্থ জয়। এর ফলে তারা নিজেদের সংগ্রহশালায় যুক্ত করেছে ১৩টি মূল্যবান পয়েন্ট। ফলে এশিয়া অঞ্চলের বাছাইপর্বে বি গ্রুপের চতুর্থ স্থানে রয়েছে। ১৭ পয়েন্ট নিয়ে এখনো পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে জাপান। ১৬ পয়েন্ট করে নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব ও অস্ট্রেলিয়া।
আলআইনে মঙ্গলবারের ম্যাচে আরব আমিরাতের এই জয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ গ্রুপের শীর্ষ চারটি দলেরই বিশ্বকাপে খেলার সুযোগ রয়েছ। শীর্ষ দুটি দল অবশ্য সরাসরি আগামী বছর অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাবে। বাকীদের খেলতে হবে প্লে অফ।
শুরুতে অবশ্য পেনাল্টি গোলের কারণে পিছিয়ে পড়ে স্বাগতিক আমিরাত। মোহাম্মদ ফাওয়াজি নাওয়াল আল আবিদকে ফাউল করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। ম্যাচের ২০তম মিনিটে পেনাল্টি থেকে আল আবিদ গোল করে এগিয়ে দেন সফরকারীদের (১-০)। কিন্তু সৌদি সমর্থকদের উল্লাস থামার আগেই পরের মিনিটে গোলটি পরিশোধ করে স্বাগতিক আরব আমিরাত। তারিক আহমেদের ক্রসের বল থেকে সমতা সূচক গোলটি করেন আমিরাত তারকা আলি মবখুত (১-১)। ম্যাচের ৬০তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে আচমকা এক জোরালো শটে আহমেদ খলিল গোল করলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় স্বাগতিক আরব আমিরাতের। বাসস।
ইত্তেফাক/রেজা
