অস্ট্রেলিয়াকে টেস্ট ক্রিকেটে হারিয়ে নতুন এক উচ্চতায় উঠল বাংলাদেশের ক্রিকেট। প্রায় দেড় যুগ পর এসে পঞ্চমবারের মতো মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ প্রথম জয় তোলে নেয়। ম্যাচ বিবেচনায় এটি বাংলাদেশের ১০ম টেস্ট জয়।
যে ১০টি টেস্টে বাংলাদেশ জিতেছে তার পাঁচটিই জিম্বাবুয়ের বিপক্ষে। ২০০০ সালে টেস্টে যাত্রা শুরুর পর ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট জিতে বাংলাদেশ। এর চার বছর পর ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে টাইগাররা। ২০১৩-১৪ মৌসুমে জিম্বাবুয়ে সফরে গিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।
এ পর্যন্ত বাংলাদেশের জয়গুলো নিয়ে খুব একটা আলোড়ন সৃষ্টি হয়নি। তবে গত এক বছরে বাংলাদেশ যে তিনটি টেস্ট জিতেছে তার প্রত্যেকটিতেই ছিল কৃতিত্বের ছাপ। গত বছর অক্টোবরে চট্টগ্রামে ইংল্যান্ডকে প্রথমবারের মতো হারায় বাংলাদেশ। এরপর চলতি বছর মার্চে দেশের মাটিতে শ্রীলঙ্কাকে এবং সবশেষ ঢাকায় অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্টে হারাল বাংলাদেশ। আগামী ৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে এটি হবে চতুর্থ টেস্ট সিরিজ জয়। এর আগে জিম্বাবুয়ের সঙ্গে দুটি ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি করে টেস্ট সিরিজ জিতেছে লাল-সবুজের দল।
ইত্তেফাক/কেআই
