অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়কে ক্রিকেটে বাংলাদেশের জন্য সামর্থ্যের একটা বার্তা বলে মনে করছেন অধিনায়ক মুশফিকুর রহিম। ইংল্যান্ড, শ্রীলঙ্কার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ধারাবাহিক নৈপুণ্য দেখাল বাংলাদেশ। এবার অসিদের বিপক্ষে সিরিজ জয়ের পালা।
ঢাকা টেস্টে অসিদের হারানোর পর সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘অবশ্যই এটা আমাদের অনেক বড় একটা অর্জন। এখন বলতে পারি এই ম্যাচটা ঐতিহাসিক ছিল। এই ধরনের জয়গুলো আরও আত্মবিশ্বাসী করে তুলবে বাংলাদেশকে। আবার যখন এই ধরনের পরিস্থিতিতে পড়বো তখন এই অভিজ্ঞতা কাজে লাগবে। আমি মনে করি, এটা আমাদের সামর্থ্যের অনেক বড় একটি বার্তা।’
অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব একথা বাংলাদেশের ক্রিকেটাররা আগে থেকেই বলছিলেন। বাস্তবেই সেই কাজকে সম্ভব করেছে টাইগাররা। এ বিষয়ে মুশফিক বলেন, ‘এটা তো ঘোষণা ছিল না! আমরা বলেছি সম্ভব। এটা তো অসম্ভবের কিছু না। শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে নয়, যে কোনো দলের বিপক্ষেই দেশের মাটিতে এটা বলার চেষ্টা করব। কারণ, হোম কন্ডিশনে নিজেদের শক্তিটা আমরা জানি।’
ইত্তেফাক/কেআই
