সুন্দরবনে কোস্টগার্ড-বনদস্যু বন্দুকযুদ্ধ, ৬ জেলে উদ্ধার

আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ২১:৪৬
 
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলারচরের নিলবাড়ীয়া এলাকায় বনদস্যু রফিক বাহিনীর সাথে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধ হয়েছে। এ সময় দস্যুদের কাছ থেকে ছয় জেলেকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
 
কোস্টগার্ড পশ্চিমজোন মোংলা সূত্রে জানা যায়, সুন্দরবনের দুবলারচরের অদূরে নিলবাড়ীয়া খালে দস্যুরা কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোকিলমনি ও দুবলা কন্টিনজেন্ট থেকে কোস্টগার্ড সদস্যরা ওই এলাকায় অভিযানে যায়। কোস্টগার্ডকে দেখতে পেয়ে দস্যুরা গুলি বর্ষণ শুরু করে। এ সময় কোস্টগার্ড পাল্টা গুলি চালালে উভয় পক্ষে আধা ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের এক পর্যায়ে দস্যুরা পিছু হটে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে কোস্টগার্ড দস্যুদের ফেলে যাওয়া ট্রলার থেকে ছয় জন জেলেকে উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের একজন হোসেন আলী বাড়ি খুলনার কয়রা বলে জানা গেছে। অপর জেলেদের পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।
 
কোস্টগার্ড পশ্চিমজোন অপারেশন অফিসার লে. আব্দুল্লাহ আল মাহমুদ ঘটনার সত্যতা মুঠোফোনে নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান