সাতক্ষীরায় গাছের সঙ্গে বাসের ধাক্কা, আহত ১২

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৭, ১৩:১৫
 
সাতক্ষীরায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা লেগে কমপক্ষে ১২জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের লাবসা পলিটেকনিক মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
 
আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে জেলার শ্যামনগর উপজেলার হেলাল উদ্দিন, তার স্ত্রী মারুফা খাতুন, আবুল কালাম, ও রেশমা খাতুনের নাম জানা গেছে।
 
ফায়ার সার্ভিসের সাতক্ষীরা স্টেশনের কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ৪৫জন যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী একটি বাস শহরের অদূরে পলিটেকনিক মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।
 
ইত্তেফাক/জামান