অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট খেলার জন্য চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ জাতীয় দল। শুক্রবার বিকেলে কড়া নিরাপত্তার মধ্যে টাইগাররা হোটেল র্যাডিসনে পৌঁছায়। একইসঙ্গে অস্ট্রেলিয়া দলও পৌঁছায় সেখানে। তবে বাংলাদেশের পুরো দল চট্টগ্রামে যায়নি। বাড়িতে ঈদ করে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে মুশফিক, সাকিবদের।
মুস্তাফিজ, নাসির, সৌম্য, সাব্বির, মমিনুলসহ ছয়জন শুক্রবার চট্টগ্রাম যান। তামিম চট্টগ্রামে গেলেও ঈদ করছেন তাঁদের কাজীর দেউড়ির বাড়িতে। ঈদের নামাজের পর বিকেলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দলের অনুশীলনের কথা রয়েছে।
ঢাকা টেস্টে ২০ রানে জয় নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে গেল বাংলাদেশ দল। ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া চট্টগ্রাম টেস্ট জিততে পারলে অসিদের ধবলদোলাইয়ের রোমাঞ্চকর স্মৃতি তৈরি হবে। ড্র করলেও সিরিজ থাকবে বাংলাদেশের দখলে।
ইত্তেফাক/কেআই
