চেক প্রজাতন্ত্রকে হারিয়ে ২০১৮ সালে অনুষ্ঠেয় রাশিয়া বিশ্বকাপের মূলপর্বের আরও কাছে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। শুক্রবার রাতে প্রাগের ইডেন এরিয়ায় অতিথিদের ২-১ গোলে হারায় তারা। এই জয়ে সাত ম্যাচের সবকটিতে জয়ে ২১ পয়েন্ট নিয়ে সি’ গ্রুপের শীর্ষস্থান আরও সংহত করল জার্মানরা।
ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে ৮ গ্রুপের চ্যাম্পিয়নরা সরাসরি খেলবে বিশ্বকাপের মূল পর্বে। আর গ্রুপ রানার্সআপ ৮টি দলের মধ্যে প্লে-অফের মাধ্যমে রাশিয়া বিশ্বকাপের টিকিট পাবে আরও চার দল। খেলার তিন রাউন্ড বাকি রয়েছে। এ অবস্থায় গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা নর্দান আয়ারল্যান্ড থেকে এখন ৫ পয়েন্ট এগিয়ে আছে জার্মানি। তাই শীর্ষস্থান ধরে রাখাটা তাদের জন্য এখন অনেকটাই সহজ হয়ে গেল।
IMG0
চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচে টিমো ওয়ের্নারের গোলে ৪ মিনিটেই এগিয়ে যায় জার্মানি। তবে ৭৮ মিনিটে ভ্লাদিমির দারিদার গোলে চেক প্রজাতন্ত্র সমতায় ফিরে। এতে পয়েন্ট খোয়ানোর শঙ্কা দেখা দেয় জার্মানির। তবে নির্ধারিত সময়ে দুই মিনিট বাকি থাকতেই টনি ক্রুসের ফ্রি-কিক থেকে হেডের সাহায্যে ম্যাট হুমেলস গোল করলে ফের এগিয়ে জার্মানি। পরে আর সেই ব্যবধান ভাঙতে পারেনি অতিথিরা। তাই জার্মানি পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে।
ইত্তেফাক/কেআই
