ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি-বিন-মর্তুজা নড়াইলের উন্নয়নের লক্ষে এক সংবাদ সম্মেলন করেছেন। রবিবার সকাল সাড়ে ১০টায় শহরের আলাদাতপুরে মাশরাফির মামা বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, জেলার সার্বিক উন্নয়নের জন্য 'নড়াইল এক্সপ্রেস' নামে একটি ফাউন্ডেশনের যাত্রা শুরু হবে। এর প্রথম পদক্ষেপ হিসেবে আগামীকাল সোমবার বিকেলে 'রান ফর নড়াইল' নামে নড়াইল শহরে একটি পদযাত্রা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, তরিকুল ইসলাম অনিক, প্রাণ বেভারেজ লিমিটেড-এর সিওও মো. আনিচুর রহমান, এক্সপার্ট লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর অপু খন্দকার, নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, নড়াইল পৌর কাউন্সিলর ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, অ্যাডভোকেট কাজী বসিরুল হক প্রমুখ। মাশরাফি সোমবার বিকেলে শহরের রুপগঞ্জে ঐতিহাসিক বাঁধাঘাট চত্বর থেকে নড়াইল চৌরাস্তা পর্যন্ত তিন কিলোমিটার এ পদযাত্রার নেতৃত্ব দিবেন।
মাশরাফি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, আপনারা সাথে থাকলে জেলার বিভিন্ন উন্নয়ন এবং সমস্যার সমাধান সম্ভব। তিনি তার বক্তব্যে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, শহরের বিভিন্ন পয়েন্টে অটোরিকশা, রিক্সা-ভ্যান চালকদের ফ্রি পানির ব্যবস্থা করা, ক্রিকেট, টেবিল-টেনিস, ভলিভল খেলার উন্নতি, পরিচ্ছন্ন শহর করতে তার যা যা করা উচিত তা করবেন বলে উপস্থিত সকলকে কথা দেন।
উল্লেখ্য, প্রস্তাবিত 'নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে' ৮টি বিষয়ে লক্ষ্য অর্জনের প্রস্তাব করা হয়েছে। এগুলো হলো, উন্নত নাগরিক সুবিধা, বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন স্কুলে নৈতিকতা ও মানবিক শিক্ষার প্রচলন, বেকারত্ব দূর করার জন্য কর্মস্থান সৃষ্টি, সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধি এবং খেলাধুলার ক্ষেত্রে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান, চিত্রা নদীকে ঘিরে আকর্ষণীয় পর্যটন এলাকা করা, আইসিটি শহরে রূপান্তরিত করা এবং পরিবেশকে সম্পৃক্ত রেখে বিনোদন বান্ধব শহর করা।
ইত্তেফাক/জামান
