সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সহায়ক সরকার বিএনপির মামার বাড়ির আবদার। সহায়ক সরকার ছাড়াই বিএনপি নির্বাচনে আসবে। বর্তমানে বেহাল রাস্তার চাইতে বিএনপির অবস্থা আরো বেশি বেহাল। সোমবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় সড়ক পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বিএনপি আন্দোলন করার মতো সাহস ও সক্ষমতা নেই। আন্দোলনের ডাক দিয়ে বিএনপির নেতারা ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে। জনগণ তাদের সঙ্গে নেই। যদি জনগণ তাদের সঙ্গে থাকতো তাহলে ঘোষণা দিয়ে দুই চারশ’ লোকজন নিয়ে ঢাকা শহরে মিছিল বের করতে পারতো বলে মন্তব্য করেন তিনি।
পরে স্থানীয় চন্দ্রগঞ্জ বাজারে আওয়ামী লীগ আয়োজিত এক পথসভায় বক্তব্য রাখেন মন্ত্রী। এ সময় তিনি আগামী সংসদ নির্বাচনে নৌকায় মার্কায় ভোট চান জনগণের কাছে।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহউদ্দিন টিপু, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস প্রমুখ।
