শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচলে অচলাবস্থা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৪:১৪
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের লৌহজং চ্যানেলটিতে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচলের অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ২১টি ফেরির মধ্যে ছোট আকারের চারটি ফেরি দিয়ে যানবাহন পারাপারের চেষ্টা চলছে।
 
মঙ্গলবার ভোর থেকে পদ্মার পানি আবারো কমতে থাকায় ফেরি চলাচলে অচলাবস্থা দেখা দেয়।
 
বিআইডব্লিউটিএ ইতিমধ্যেই ভারী যানবাহনকে বিকল্প পথে চলাচল করতে নির্দেশনা দিয়েছে। শিমুলিয়ায় প্রাইভেটকারসহ ছোট-বড় মিলিয়ে দু’শতাধিক যানবাহন পরাপারের অপেক্ষায় প্রহর গুণছে।
 
বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, মঙ্গলবার সকাল থেকে ঢাকা, কুমিল্লা, কাকলী ও করবী নামের চারটি ছোট ফেরি দিয়ে প্রাইভেটকার ও মাইক্রোবাসের মতো হালকা যানবাহনসহ যাত্রীদের পারাপার করা হচ্ছে। নাব্যতা সঙ্কটের কারণে রবিবার রাত থেকে রায়পুরা ও যমুনা নামের ফেরি দুটো প্রায় অর্ধশত যানবাহনসহ লৌহজং চ্যানেলে আটকে যায়। যা উদ্ধার করা সম্ভব হয়নি।
 
গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) থেকে পদ্মার পানি ধারাবাহিকভাবে কমতে থাকায় এ রুটে ফেরি চলাচলের মারত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এখন একরকম অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
 
গিয়াস উদ্দিন পাটোয়ারী আরো জানান, চ্যানেলটি পুনরায় চলাচলের উপযোগী করার জন্য ড্রেজিং কাজ চলছে। খুব দ্রুত সময়ের মধ্যে সচল করা হবে এ নৌ রুটিটি। এতে সপ্তাহখানেক লেগে যেতে পারে। তবে যাত্রী পারাপারের জন্য ৮৭টি লঞ্চ ও তিন শতাধিক স্পিটবোড চলাচল করছে।
 

ইত্তেফাক/এএম।